চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ২০২ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।
এর মধ্যে শুধু সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই দেশে এসেছে ১ হাজার ২০৭ কোটি ৮০ লাখ টাকার সমপরিমাণ রেমিট্যান্স।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ে (সেপ্টেম্বরের প্রথম ১৫ দিন) প্রবাসী আয় ছিল ১২৯ কোটি ৩০ লাখ ডলার। তুলনায় এবার বেড়েছে ২৮ কোটি ১০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ২১.৮০% বেশি।
এছাড়া, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৬৪৭ কোটি ৪০ লাখ ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৫৪৩ কোটি ১০ লাখ ডলার। এতে করে বছরে বছরে রেমিট্যান্স বেড়েছে ১০৪ কোটি ৩০ লাখ ডলার বা ১৯.২০ শতাংশ।





