তৃতীয় দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এই পর্বে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতাদের মধ্যে রয়েছেন— জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাসদের সদস্য ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এর আগে, দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আলোচনার মূল লক্ষ্য একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের পথ খোঁজা বলে জানা গেছে।