স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলেই সবাই পুলিশকে জানাবে। নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটি মহড়াও দেব।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী ১৩ নভেম্বরের জন্য ঢাকাকে আটটি জোনে ভাগ করে মোতায়েন থাকবে। কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরও বেগবান করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, “বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। এ ধরনের ঘটনা প্রতিহত করার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, রাজনৈতিক দল, সচেতন জনগণ এবং মিডিয়ারও।”
মাদক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “আরাকান থেকে মাদকের চালান কিছুটা কমেছে, তবে সমাজ থেকে মাদক দূর করা সবার দায়িত্ব। সীমান্ত দিয়ে কোনো বহিরাগত সন্ত্রাসী যাতে দেশে প্রবেশ না করতে পারে, সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
এছাড়া তিনি জানান, এয়ারপোর্টে আগুনের ঘটনায় অস্ত্র ও গোলাবারু্দের ক্ষতি হয়েছে; বিষয়টি তদন্ত কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কাউকে আইনের হাতে দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “না, এমন সম্ভাবনা নেই।”





