বাংলাদেশে ১৩ ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। সব ক’টিই ছিল মৃদু থেকে মাঝারি মাত্রার, তাই অনেকেই কম্পন টের পাননি।
গতকাল রাত ৩টার পর থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটের মধ্যে এই তিনটি কম্পন রেকর্ড করা হয়। সর্বশেষ ভূমিকম্পটি বিকাল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল, রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬।
প্রথম কম্পনটি হয় গতরাত ৩টা ২৯ মিনিটে। টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎস শনাক্ত করা হয়। এতে টেকনাফ অঞ্চলে সামান্য কম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি জানায়, কম্পন খুব হালকা হওয়ায় অনেকেই তা বুঝতে পারেননি। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর কয়েক সেকেন্ড পর, রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটেও আরেকটি মৃদু ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৩.৪। সিলেট আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, ২১ নভেম্বর সকালে দেশজুড়ে শক্ত ধাক্কার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। সেই ঘটনায় শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, সাম্প্রতিক কম্পনগুলো স্বল্পমাত্রার হলেও নিয়মিত পর্যবেক্ষণ চলছে।





