চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ২ জন নারী ও ১ শিশু।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানকার বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন।

পরবর্তীতে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে তাদের আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে এ ধরনের সমন্বিত কার্যক্রম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও শক্তিশালী করবে। তিনি বলেন, “এই ধরনের পতাকা বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ করে তুলবে।”