মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগমকে নির্বাচনের জন্য দেশের মানুষের প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ দূরে, অর্থাৎ হাতে আছে ৪৯ দিন। নির্বাচন নির্ধারিত সময়ে হবে কি না, এ বিষয়ে তার কখনোই সংশয় ছিল না। যদিও কিছু সময় তাকে নিজের উচ্ছ্বাস সংযত রাখতে হয়েছে। তবে গতকালের ঘটনাপ্রবাহ সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। তার ভাষায়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো হবে কি না, সে প্রশ্ন এখন আর নেই।
তিনি আরও লেখেন, আগামী এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে ব্যস্ত হয়ে উঠবে। একই সঙ্গে টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক, যার প্রভাব গ্রামপর্যায় পর্যন্ত পৌঁছে যাবে।
স্ট্যাটাসের শেষ অংশে শফিকুল আলম উল্লেখ করেন, বাংলাদেশ এখন গভীর ক্ষত বহন করছে। সমাজে ক্রমেই বিস্তৃত হয়ে চলা এক ধরনের বিভাজন তৈরি হয়েছে, যা নিরাময় করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।





