আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা আজিজুর রহমানের মরদেহ প্রায় ১১ মাস পর দেশে ফিরেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত আজিজুর রহমান উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা ও মো. মোতুজ্জারের ছেলে। জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে শিলিগুড়ির একটি কারাগারে পাঠায়।

পরিবারের অভিযোগ, আটক অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু ঘটে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও জটিলতা কাটিয়ে প্রায় ১১ মাস পর মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহতের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় সরকারের সহযোগিতায় মরদেহ দেশে আনা হয়। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে সরকারি খরচে মরদেহটি দেশে ফেরত আনা হয়।

প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে মরদেহটি নিহতের মেয়ে জামাই মো. দুলাল হোসেন ও ভাতিজা মো. সোহেল রানার কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, দুই দেশের নিয়ম অনুযায়ী সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।