ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা দফতরের প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, আগেই ঘোষণা করা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও সাধারণ ছুটি থাকবে। এছাড়া, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্যও ছুটি অনুমোদন করা হয়েছে। এতে তারা তিন দিন ছুটি পাবেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, কেবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে:

বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন (রোহিত আইন)

মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬

জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ (১৯ প্রকার জুয়ার সংজ্ঞা, সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড)

তথ্য অধিকার অধ্যাদেশ ২০২৬

বাংলাদেশ–জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট

জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ সংক্রান্ত নীতিমালা

শফিকুল আলম বলেন, “জুয়া প্রতিরোধ অধ্যাদেশের মাধ্যমে ম্যাচ ফিক্সিংসহ বিভিন্ন জুয়া অপরাধ প্রতিরোধ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সংক্রান্ত নীতিমালাও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।”

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে সম্পন্ন হবে।