মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের মধ্যেই ইরানের ওপর হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরাইল।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন তিনি আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি খাতে হামলা স্থগিত রাখবেন। তার দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।


তবে ট্রাম্পের এ অবস্থানের বিপরীতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ স্পষ্ট করে বলেছেন, মধ্যস্থতা চললেও ইরানের ওপর হামলা বন্ধ করবে না তার দেশ।


এদিকে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন।


লেবাননেও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় সেখানে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন করে জারি করা সামরিক নির্দেশনায় জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। নদীটি দেশটির সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে অবস্থিত।


যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। পাকিস্তান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান সহজতর করছে। এছাড়া তুরস্ক ও মিশরও এ শান্তি প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে।


সূত্র: আল জাজিরা