অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “মানুষ বুঝে গেছে, হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে, আর রাষ্ট্র এমন পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকবে। তাই সারাদেশে হ্যাঁ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে।”
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।” তিনি ভোট প্রক্রিয়ায় জনগণকে শান্ত ও ধৈর্য ধরে অংশ নেওয়ার আহ্বান জানান।
বুচাই পাগলার মাজার প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর ফেব্রুয়ারিতে এখানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তিনি আরও বলেন, “বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। মাজারে আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তৌহিদি জনতা নামধারী একদল জনতা বুচাই পাগলার মাজারে ভাঙচুর চালায়। এরপর ঢাকা জেলা সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জুনায়েদ ধামরাই থানা পুলিশকে মামলা করার নির্দেশ দেন। বর্তমানে মাজারটি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংস্কার করা হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “যেকোনো ধরনের হামলার নিন্দা জানানো উচিত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব।” তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।
মাজার পরিদর্শনের সময় প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই থানা পুলিশের সদস্যরা।





