সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে দাপ্তরিক সফরে যাচ্ছেন। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এই সফর এমন সময়ে হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে উৎসাহিত করছে। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছিল, যার মাধ্যমে ওই দেশগুলো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনও চুক্তিতে যোগ দিতে দ্বিধা প্রকাশ করছে।
সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।
দুই নেতার বৈঠকে মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরের সময় এমন একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কিছু চুক্তি সই হওয়ার কথা থাকলেও বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।
\r\n\r\n\r\n\r\n
এছাড়া, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা জোরদার এবং আরও উন্নত অস্ত্র সরবরাহের দাবিও জানিয়েছে। দীর্ঘদিন ধরেই সৌদি আরব মার্কিন অস্ত্রের বড় ক্রেতা এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছরের মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির জন্য সম্মতি দিয়েছিল।





