কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান চালায়। অভিযানে ওই এলাকার তারু মিয়ার ছেলে মো. সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র পরে হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী সোহাগকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। তাকে আজই আদালতে পাঠানো হবে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।





