লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরির জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১৩ আগস্ট) বৈরুতে গিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি বলেন, “লেবাননের মানুষ কষ্টে থাকলে আমরাও সেই কষ্ট অনুভব করি, সব পরিস্থিতিতে তাদের পাশে থাকব।”
বিমানবন্দর সড়কে শতাধিক হিজবুল্লাহ সমর্থক লারিজানিকে স্বাগত জানান। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সমর্থকেরা স্লোগান দেন।
লারিজানি সফরে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং হিজবুল্লাহ-ঘনিষ্ঠ সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করবেন।
২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর হিজবুল্লাহর ক্ষমতা হ্রাস পায়। যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন লেবানন সরকার গোষ্ঠীটিকে সীমিত করার পদক্ষেপ নিয়েছে। তবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ।
ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর ইরান থেকে লেবাননে অস্ত্র সরবরাহের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
সূত্র: এএফপি





