ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাতের ঘটনা। ঢাবির শিক্ষার্থীদের একটি দল রাসেল টাওয়ার থেকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, “লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করেছি। গণহত্যাকারী শিক্ষকদেরও একইভাবে বিচার হবে। এখানে কেউ ক্ষমতার লোভে বা তোষামোদে আসেনি; ২০০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এখানে কোনো গাদ্দার বা গাদ্দারির স্থান নেই।”

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও লেখেন, “হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা দোষীকে বিচারের মুখোমুখি করা হবে।”

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন, লাভলুকে প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীরা থানায় নিয়ে এসেছে। তিনি জানান, শিশির জুলাই আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, শিশিরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, ছাত্রজীবনে লাভলু মোল্লা শিশির মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।