আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন,শেখ হাসিনার প্রকাশিত অডিওগুলোতে এখনো প্রতিশোধপরায়ণ মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। তিনি বলেন, \"এত বড় একটি গণহত্যা ঘটেছে, কিন্তু শেখ হাসিনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার প্রকাশ নেই। অডিওগুলো শুনলে বোঝা যায়, এখনো তার মধ্যে প্রতিশোধপরায়ণ মনোভাব বিরাজ করছে।\"
মঙ্গলবার 'জুলাই হত্যাযজ্ঞের বিচার' বিষয়ে আয়োজিত আলোচনা সভা ও তথ্য প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, \"যুদ্ধক্ষেত্রে কেউ গুলিবিদ্ধ হলে তাকে চিকিৎসা না দিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হয়। অথচ ১৯৭১ সালের পাকিস্তানী বাহিনীর নৃশংসতা যতটা নির্মমই হোক, এমনভাবে লাশ পুড়িয়ে ফেলার নজির সেসময়েও দেখা যায়নি।\"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রশংসা করে তিনি বলেন, “তাজুল ইসলাম একজন পরিশ্রমী ও আপসহীন মানুষ। রাত ২টা পর্যন্ত কাজ করেন। একটি প্রমাণ পেলেই উচ্ছ্বসিত হয়ে এসে জানান, ‘স্যার, এটা পেয়েছি!’ হাজার কোটি টাকা দিয়েও তাঁকে কেনা যাবে না।”
তিনি আরও বলেন, “আমাদের ব্যর্থতা ও সীমাবদ্ধতা থাকতে পারে, তবে চেষ্টা এবং নিষ্ঠার কোনো ঘাটতি নেই। আমরা এমন একটি ভিত্তি গড়ে তুলবো, যেটি ভবিষ্যতে কোনো সরকার এসে পরিবর্তন করতে পারবে না। ইনশাআল্লাহ, বিচার আপনারা একদিন পাবেন।”





