বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কিংবা এ দেশের জনগণকে বন্ধু মনে করে না।


মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত “ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?” শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


ভারতের উদ্দেশে দুদু বলেন, শেখ হাসিনা দেশের জনগণ ও গণতন্ত্রকে হত্যা করেছেন। বিচার নিশ্চিতের জন্য তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।


তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে পানির সংকটে ফেলছে, আবার কখনো ভাতের অভাবে ফেলতে চায়। এ পরিস্থিতিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এ দেশের মানুষ কখনোই বশ্যতা স্বীকার করেনি—না ব্রিটিশদের, না পাকিস্তানিদের, না কোনো স্বৈরশাসকের।


দুদু আরও বলেন, হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারও প্রতি বিদ্বেষ পোষণ করে না। অথচ ভারত যখন পানি দিতে প্রয়োজন হয়, তখন দেয় না; আবার প্রয়োজন না হলে তিস্তা ব্যারেজের গেট খুলে দেয়। এমনকি সীমান্তে বাংলাদেশিদের ব্যবসা বাধাগ্রস্ত করতেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।