নোয়াখালী প্রতিনিধি: দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, হেনস্তা এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। এসব ঘটনার বিচার ও নিরাপদ রাজনৈতিক পরিবেশের দাবিতে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ)।


​রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েকশ নারী কর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​সমাবেশে প্রধান বক্তা হিসেবে নোয়াখালী জেলা মহিলা জামায়াতের সভানেত্রী নাহিদা নাসরিন বলেন— \"বিপক্ষ দলের কোনো বোন যদি তার ইশতেহার নিয়ে মাঠে নামেন, আমি হয়তো সেটি সমর্থন করি না৷ কিন্তু তাকে আঘাত করা বা অকথ্য ভাষায় গালিগালাজ করার অধিকার কারো নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই অন্য কোনো দলের নারী কর্মীদের হেনস্তা করেছে এমন কোনো নজির নেই। \"তিনি আরও যোগ করেন যে, একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা কখনোই কাম্য হতে পারে না।



​বিক্ষোভ মিছিলে উপস্থিত দায়িত্বশীলরা বলেন, সারাদেশে নারী কর্মীদের ওপর হওয়া ‘নগ্ন’ ও বর্বরোচিত হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। নির্বাচনী প্রচারণায় নারীদের জন্য ভয়ভীতিহীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং কটূক্তি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


​বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিভাগের দায়িত্বশীল নাজনীন আক্তার, রেহেনা বিনতে আলিম, জান্নাতুল মাওয়া এবং নোয়াখালী শহর সভানেত্রী মিসেস কামরুন নাহার ফাতেমা প্রমুখ।