লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন। পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেওয়া আনাস ৫০ হাজার লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন, যার মধ্যে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে বাংলাদেশের প্রতিযোগীরা লিবিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছেন। ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান, ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান ও মুস্তাফিজুর রহমান গাজী (তাফসির ৬ষ্ঠ স্থান), ২০২৪ সালে মাহমুদুল হাসান (তাফসির) আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব এবং আন্তর্জাতিক কোরআনী মঞ্চে দেশের অবস্থান আরও দৃঢ় করেছে।
গত অর্ধ যুগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য বাংলাদেশের কোরআন শিক্ষার মানকে বিশ্বদর্শীভাবে প্রতিষ্ঠিত করছে।





