তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের বিশিষ্ট নেতা এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় তিনি মরহুমের দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, “এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। তার সততা, নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবনেও তিনি আমার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তার মৃত্যুতে একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।”
ড. ইউনূস মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান বার্ধক্যজনিত কারণে বুধবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।





