রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বসিলার ওই হাসপাতালে একটি শিশু মৃত্যুর ঘটনা নিয়ে চাঁদা দাবি করছিল একটি চক্র। সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে টাকা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।

হাসপাতালের মালিক শিল্পী আক্তার জানান, “আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন চাঁদা দাবি করে হুমকি দেয়। তারা কয়েক দফায় আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। রাজি না হওয়ায় আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করি, তারা এসে পাঁচজনকে আটক করে নিয়ে যায়।”

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, “সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা রয়েছে।”

উল্লেখ্য, গত ১৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়া করান।