নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


\r\n

শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এই হামলার ঘটনা ঘটে।

\r\n

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানায়, হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপির লোকজন সমাবেশস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। হঠাৎ হামলায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এর আগে শুক্রবার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এনসিপির একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।


\r\n

হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ আরও একজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


\r\n

ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও কারচুপির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


\r\n

অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহের বলেন, এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। তার দাবি, এনসিপি মিথ্যা নাটক সাজিয়ে ধানের শীষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


\r\n

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।