চলতি বছরের ডিসেম্বর মাসজুড়েই বিনোদন দুনিয়ায় জল্পনা, উত্তেজনা ও কৌতূহলের কেন্দ্রে ছিলেন সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমরু। সোশ্যাল মিডিয়া থেকে সিনে মহল-সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই নাম, ‘রাজ-সামান্থা’। নানা গুঞ্জন, সমালোচনা ও প্রশ্নের মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই জুটি। অবশেষে বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে ধরা দিয়ে সেই জল্পনায় কার্যত ইতি টানলেন তাঁরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, নেটিজেনদের নানা কটাক্ষকে কার্যত উপেক্ষা করেই বিয়ের মাত্র দু’দিন পরেই হানিমুনে উড়ে গিয়েছিলেন রাজ নিদিমরু ও সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সেই সফর সেরে ফিরেই হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এই নবদম্পতি।

বিয়ের পর প্রথম প্রকাশ্য উপস্থিতিতে কোনও ভারী সাজ বা আড়ম্বর না থাকলেও রং মিলিয়ে ক্যাজুয়াল পোশাকে ধরা দেন রাজ-সামান্থা। জিনস, টি-শার্ট ও জ্যাকেটে স্বাভাবিক অথচ সাবলীল লুকে দেখা যায় দু’জনকেই। দীর্ঘদিন পর একফ্রেমে তাঁদের দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আলোকচিত্রীদের দল। ক্যামেরার সামনেই একে অপরের সঙ্গে গল্প, হাসি ও খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় এই তারকা জুটিকে।

সেই ভিডিও ও ছবিই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রাজ-সামান্থার এই স্বাভাবিক ও খুশির মুহূর্ত দেখে অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। বহু ভক্তই লেখেন, দীর্ঘদিনের কঠিন সময়ের পর অবশেষে সামান্থার মুখে হাসি দেখতে পেয়ে তারা আপ্লুত।

উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়েছে সামান্থা রুথ প্রভুকে। শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণে একাধিক কাজ থেকেও সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। তবে সেই কঠিন অধ্যায় পেরিয়ে চলতি বছরের ১ ডিসেম্বর ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন তিনি।

নবদম্পতিকে একসঙ্গে প্রকাশ্যে দেখার পর থেকেই ভক্তমহলে উল্লাসের আবহ। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত সুখই হয়তো সামান্থাকে আবার পুরোদমে কাজে ফিরতে অনুপ্রাণিত করবে।

কাজের ক্ষেত্রে, সামান্থাকে সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুশি’ ছবিতে দেখা গিয়েছিল বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে। ছবিটি পরিচালনা করেছিলেন শিভা নির্ভানা। এছাড়াও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিক ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানিবানি’-তে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

ব্যক্তিগত সুখ ও পেশাগত সাফল্য-দুয়ের সমন্বয়ে রাজ-সামান্থার এই নতুন অধ্যায় নিয়ে এখন তাকিয়ে অনুরাগীরা।