ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ দেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 তিনি বলেন, মূল সন্দেহভাজনদের সঠিক অবস্থান শনাক্তে তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

এদিকে, রোববার দুপুরে ডিবি প্রধানের বক্তব্যের আগের দিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে অগ্রগতি জানাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। ২১ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে সন্তোষজনক তথ্য না পেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়।

এই পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে হাদি হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে ডিবি প্রধান মো. শফিকুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

ডিবি প্রধান জানান, গত আট দিনে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যে অস্ত্র ও মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে, তা ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এখন অন্য আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।