ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার ভালো খবর জানিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল।
সূত্রের বরাতে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যে অস্থায়ী অবনতি হয়। বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু হয়।
ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন এবং দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এর পর হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন, শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয় এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পায়।
তিনি আরও জানান, হাদির স্বাস্থ্যের স্থিতিশীলতার পর জরুরি স্বাস্থ্যগত সব পরীক্ষা রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়েছে। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।
এর আগে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।





