ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগসহ গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ শাহবাগে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে মানুষের সংখ্যা বাড়তে থাকে।
বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।





