গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সচল করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন, তবে তার আগে শারীরিক অবস্থার স্থিতিশীল হওয়া জরুরি। আজ বুধবার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটির ফেসবুক পেজেও এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।


শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।


ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।


বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের জন্য প্রথমে শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। মস্তিষ্ক ছাড়া তার বাকি সব অঙ্গ সচল রয়েছে। চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্য—যেকোনো স্থানে হতে পারে।


ইনকিলাব মঞ্চ বিবৃতিতে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার।