\r\n

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

\r\n

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এলাকায় অবস্থিত শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। জিয়ারত শেষে তিনি আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

\r\n

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল।

\r\n

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

\r\n

কবর জিয়ারত শেষে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।