ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের সীমান্ত পেরিয়ে পালানোর সম্ভাবনা এড়াতে পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে বিজিবির ১৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনো সন্দেহভাজন পার্শ্ববর্তী দেশে পলায়ন করতে না পারে এবং অবৈধ অস্ত্র বা গোলাবারুদ দেশে প্রবেশ না করতে পারে।
বিজিবি সূত্র জানিয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন সদরসহ সীমান্তবর্তী সকল বিওপিতে নিয়মিত টহল চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল দল গঠন করে তল্লাশি পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে চলাচলকারী যানবাহন ও ব্যক্তিদের নিয়মিতভাবে চেক করা হচ্ছে।
এছাড়া বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) নজরদারি আরও জোরদার করা হয়েছে। সব যানবাহন ও যাত্রী নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। কে-৯ ইউনিট (ডগ স্কোয়াড) দিয়ে সীমান্ত তল্লাশিও অব্যাহত আছে।
বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানিয়েছেন, “বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বদা তৎপর।”





