ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহাসচিব সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা কমানোর এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।

গতকাল শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ ঢাকায় আনা হয়। আজ শনিবার পরিবারের চাওয়া অনুযায়ী তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ন্যায়বিচারের আওতায় আনার গুরুত্বের ওপর জোর দিয়েছে।