ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ূন কবির এবং মা মোসা. হাসি বেগমকে আটক করা হয়। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ (সামিয়ার ভাই), তার বান্ধবী মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।
এদিকে, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে এক বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে জানিয়েছে। সূত্র অনুযায়ী, সন্দেহভাজন দুই ব্যক্তি ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে দেশত্যাগ করেন।
সূত্রটি জানায়, ঘটনার পর প্রথমে তারা একটি প্রাইভেটকারে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুরের পথে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গাড়ি পরিবর্তন করে আরেকটি প্রাইভেটকারে করে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় যায়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে পৌঁছে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে।





