বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শরিফ ওসমান হাদির ওপর নিষিদ্ধ বাহিনী পরিকল্পিত হামলা চালিয়েছে। তিনি বলেন, হাদি জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও সেনানায়ক ছিলেন এবং আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সাত শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গুলিবিদ্ধ হওয়ার দুই থেকে তিন দিন আগেও হাদির সঙ্গে তার কথা হয়। সে সময় হাদি তাকে জানিয়েছিলেন, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। সাদ্দাম বলেন, “আমরা বারবার তাকে সাবধানে থাকার অনুরোধ করেছি, বাইরে কম বের হতে বলেছি। কিন্তু হাদি বলতেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়।”
তিনি আরও বলেন, একজন রাজনীতিকের জন্য ঘরের ভেতরে লুকিয়ে থাকা শোভনীয় নয়। রাজপথেই সংগ্রাম চালিয়ে যাওয়ার মানসিকতা নিয়েই হাদি রাজনীতি করেছেন। সে কারণেই তার ওপর গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী হামলা চালিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমানে হাদি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এ অবস্থায় তিনি সমবেত উপস্থিতদের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।





