ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ বা রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) সহকারি পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আদালতে জানান, রুবেলকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করা হয়েছে, কারণ ইতিমধ্যেই ছয় দিনের রিমান্ডে সে অনেক তথ্য দিয়েছে, কিন্তু যাচাই-বাছাই ও আরও তথ্য সংগ্রহের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। এসময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, হাদি হত্যার ঘটনা হুটহাটভাবে ঘটেনি। রুবেল এই ঘটনার অন্যতম সহযোগী। তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আরও তথ্য পাওয়া যাবে। ন্যায় বিচারের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া উচিত।
আদালতের অনুমতি নিয়ে রুবেল দাবি করেন, তিনি মামলায় নামাজড়িত অন্য রুবেল নন। তিনি একটি চাকরি করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তার বাসা আদাবরে থাকায় হয়তো তাকে ভুল করে ওই রুবেল মনে করা হয়েছে।
এর জবাবে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, তিনি ঠিকই রুবেল এবং ফয়সাল করিম মাসুদের সহযোগী। ছয় দিনের পূর্ববর্তী রিমান্ডে সে এই বিষয় স্বীকার করেছে। আদালত পরে বলেন, আপনাকে ওই রুবেল হিসেবে ধরা হয়নি এবং তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করা হয়। ২২ জানুয়ারি আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।





