ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করার সময় হাতকড়া পরানো নিয়ে আদালতের হাজতখানার ওসিকে ধমক দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার আদালতে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার পর মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা নিরাপত্তার অংশ হিসেবে সুব্রত বাইনকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরান। এরপর হাতে হাতকড়া পরাতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওসিকে ধমক দেন।
সুব্রত বাইন ওসির উদ্দেশে বলেন, “ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় হাতকড়া কিসের? আপনি কবে থেকে ডিউটি করেন?”—এ কথা শুনে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে মুহূর্তের জন্য উত্তেজনা দেখা দেয়।
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানির জন্য সুব্রত বাইনকে আদালতে আনা হয়। মামলাটিতে তার সঙ্গে আরও তিন সহযোগী অভিযুক্ত।
দুপুরে ঢাকার পনেরো নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে মামলার চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





