গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঘরের ভেতর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা (৪২)। তিনি চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। স্থানীয়রা জানান, এক মাস আগেও ওই বাসায় চুরির ঘটনা ঘটেছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দীর্ঘ সময় ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পাশের বাসার এক নারী ভেতরে ঢুকে দেখেন, ঘরের দরজা খোলা এবং রুমা মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। এ সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।


গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিত ডাকাতির ঘটনা, তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।