হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুখলিছুর রহমানের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় মাওলানা মুখলিছুর রহমান রাজাপুর গ্রামে একটি উঠোন বৈঠকে অংশ নিচ্ছিলেন। বৈঠক চলাকালে রাস্তার পাশে পার্কিং করা তাঁর গাড়িতে দুর্বৃত্তরা ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।
এ বিষয়ে মাওলানা মুখলিছুর রহমান বলেন, “দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। জনগণ ব্যালটের মাধ্যমে এই ইটের জবাব দেবে।” তিনি হামলাকে গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি বলে মন্তব্য করেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।





