বগুড়া প্রতিনিধি: ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে ছাত্রসমাজকে আগে স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে। তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস দেখতে চায়। সেই প্রত্যাশা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরকে বেছে নিয়েছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের সঠিক দিকনির্দেশনা ঠিক করে এগোতে পারলে সফলতা আসবেই।

বুধবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের নবীনবরণ ’২৫ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইফসুর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কাপ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন আকসুর সাবেক ধর্মীয় সম্পাদক ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, আকসুর সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সাবেক জিএস ইউসুফ আলী, সাবেক নাট্য সম্পাদক ও সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাবেক ছাত্রনেতা সেলিম রেজা ও আব্দুস সালাম তুহিন।