হবিগঞ্জ জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছ।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৪ আগস্ট, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন গউছ। তার আবেদন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।
জি কে গউছ বলেন, \"দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব।\"
পদত্যাগ করেছেন আরও চার যুগ্ম আহ্বায়ক—মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, হাজী নুরুল ইসলাম ও এনামুল হক সেলিম। তারাও কাউন্সিলে অংশগ্রহণের লক্ষ্যে একইভাবে পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। আগামী ৬ সেপ্টেম্বর নির্ধারিত এই কাউন্সিলে সভাপতিসহ নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।





