ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার বিচারসহ তিন দফা দাবি আদায় না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাদিক কায়েম বলেন, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এ সময় তার পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন, যাকে কিছুটা বিব্রতও দেখা যায়।
সাদিক কায়েম তার ঘোষিত তিন দফা দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে তিনি বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীসহ জড়িত সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া হামলাকে সমর্থন দেওয়া এবং হাদীসহ জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তোলার সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের দাবি জানান তিনি।
দ্বিতীয় দাবিতে ডাকসু ভিপি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। সংগঠনটির সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো গাফিলতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
\r\nতৃতীয় দাবিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না বলেও মন্তব্য করেন সাদিক কায়েম।





