ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর পর রাজধানীর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে শাহবাগে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি পূরণ না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ করা হবে।

এর আগে, শহীদ ওসমান হাদির জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে একটি বড় ষড়যন্ত্র রয়েছে। এক সপ্তাহ পার হলেও হামলাকারীদের গ্রেপ্তার না হওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি কোনো ধরনের সহিংস কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইনকিলাব মঞ্চ থেকেই পরবর্তী সব সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও দাবি করেন, গত এক সপ্তাহে হত্যাকাণ্ডের তদন্তে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জনসমক্ষে স্পষ্ট করতে হবে।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ ওসমান হাদিকে দাফন করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।