স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে পাবনার শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে বসে এই প্রতীকী ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে তারা শান্তিপূর্ণভাবে সড়কে বসেই পাঠ গ্রহণ করেন।

কর্মসূচির ফলে ওই সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া করা ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে। বারবার প্রকল্প সংশোধন করে সাত দফায় ব্যয় কমিয়ে ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামানো হলেও প্রকল্পটি এখনো একনেক সভার এজেন্ডাভুক্ত হয়নি।

তাদের অভিযোগ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বারবার অবিচার করা হচ্ছে। আন্দোলনের পরও মিলছে শুধু আশ্বাস, বাস্তব অগ্রগতি নেই।

তারা জানান, একনেক সভার উপদেষ্টা রিজওয়ানা হাসান সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলেও প্রকল্প অনুমোদনের অগ্রগতি হয়নি।

প্রতীকী ক্লাসে অংশ নিয়ে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, শিক্ষার্থী হৃদয় সরকার, রায়হান, জাকারিয়া ও সুজানা প্রমুখ।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।