রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের একটি অধ্যাদেশে সই করেছেন। সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১ জুলাই এ সংক্রান্ত চারটি অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর উপদেষ্টা পরিষদ লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে খসড়া অনুমোদন করে ২৪ জুলাই। সোমবার রাষ্ট্রপতি সই করার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না রাজনৈতিক দলগুলো। সব প্রার্থী নির্দলীয় হবেন।
দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ২০১৫ সালে আনা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞ এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করেছিল।
নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন আরও অনেক যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হতে পারেন।





