পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলছে। যদিও ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয় বৃহস্পতিবার (২৬ মার্চ), কিন্তু শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই নিয়মিত ক্লাস শুরু হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এই কার্যক্রম সারা বছর ধরে চালিয়ে যেতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তদারকি জোরদার করতে হবে। প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং প্রতিষ্ঠানের বাগান পরিচর্যার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা গড়ে তুলতেও উদ্যোগ নিতে বলা হয়েছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির পর টানা ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়া হবে। এর মধ্যে আগামী ৪ এপ্রিল, শনিবার থেকেই সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণিকক্ষের কার্যক্রম তুলনামূলক কম হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি কাটিয়ে উঠতেই ছুটির পর থেকে জোর দিয়ে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। তবে অভিভাবকদের করা রিটের পর হাইকোর্টের নির্দেশ এবং পরবর্তী সময়ে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই ছুটি শুরু হয়।

পরবর্তীতে সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়।