বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, এ পদে নিয়োগ পেতে প্রার্থীর কমপক্ষে স্নাতক পাস হতে হবে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১০ মার্চ অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি বা এডহক কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবিধান মেনে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এটি ৭৫(২) ধারার, আর অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) ধারার অধীনে প্রযোজ্য।


নির্দেশনার মূল বিষয়গুলো:

১. এডহক কমিটির সভাপতি: সাধারণত সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমানের ডিগ্রি হতে হবে। বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয় সভাপতি নির্বাচনে ব্যক্তির শিক্ষা প্রসার, প্রতিষ্ঠান উন্নয়ন বা অন্য বিশেষ যোগ্যতা বিবেচনা করতে পারবে।


২. সভাপতি মনোনয়ন প্রক্রিয়া: এডহক কমিটির সভাপতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন প্রার্থী নির্বাচন করে শিক্ষা বোর্ডে প্রেরণ করবেন। প্রেরিত প্রার্থীদের মধ্যে একজনকে বোর্ড সভাপতি হিসেবে মনোনীত করবে। প্রার্থীদের নাম ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য কমপক্ষে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক।

এছাড়া শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে স্কুলে ভর্তির জন্য লটারি প্রথা বন্ধ থাকবে। ভর্তির প্রক্রিয়া হবে সহজ ও স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে, কোনো প্রতিযোগিতা ছাড়াই। তিনি বলেন, “লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকার যোগ্য নয়। দীর্ঘ গবেষণা ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”