সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন বর্ষীয়ান এই আলেম।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও ইসলামী চিন্তার পথপ্রদর্শককে হারাল। ইসলাম ও জ্ঞানচর্চার প্রতি তাঁর আজীবন নিষ্ঠা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা মুসলিম বিশ্ব গভীরভাবে অনুভব করবে।”
শেখ আবদুল আজিজ আল-শেখ ছিলেন স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান। ইসলামী জ্ঞানে গভীর দখল ও নেতৃত্বের গুণে তিনি বিশ্বজুড়ে সম্মানিত ছিলেন।
তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে বিশেষ ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
তাঁর কর্মজীবন, নেতৃত্ব এবং জ্ঞানচর্চার অবদান যুগের পর যুগ ধরে ইসলামী বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে— এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।





