সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চালানোর ঘটনায় কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছেন ঢাকায় নিযুক্ত বাংলাদেশি দূতাবাস।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম, হোটেল, রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসভবনে অননুমোদিতভাবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সভা ও সমাবেশ আয়োজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছে, সৌদি আরবের আইন মেনে চলতে এবং অনুমতি ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচারণা বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে।





