সৌদি আরবে মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত অন্তত ৫০ জন আফ্রিকান নাগরিকের শিরশ্ছেদ যে কোনো সময় কার্যকর হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডেল ইস্ট আই। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৩ জন ইথিওপিয়ার এবং ১৩ জন সোমালিয়ার নাগরিক।
তাদের সবাই বর্তমানে ইয়েমেন সীমান্তবর্তী নাজরান কারাগারে বন্দি রয়েছেন। বন্দিদের আত্মীয়-স্বজন ও কয়েকজন বন্দির সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার পর থেকে দণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রক্রিয়াটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দি মিডেল ইস্ট আইকে বলেন, “তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়েছে, ঈদের পর থেকে মৃত্যুদণ্ড কার্যকর শুরু হবে, এবং এখন তা শুরু হয়ে গেছে।”
প্রতিবেদনে আরও জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই দাবি করেছেন, তারা কখনোই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন না। এর মধ্যে অন্তত ছয়জনকে গত ছয় মাসের মধ্যে দণ্ড দেওয়া হয়, বাকিরা দীর্ঘদিন ধরে কারাবন্দি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সৌদি আরবে মাদক সংশ্লিষ্ট মামলায় ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০২৪ সালজুড়ে দেশটিতে মোট ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, যা ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
মানবাধিকার সংগঠনগুলো সৌদির বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে।
সূত্র: মিডেল ইস্ট আই





