তথ্য-প্রযুক্তির এই যুগে রাজনৈতিক লড়াই এখন আর শুধু মাঠে বা রাজপথেই সীমাবদ্ধ নেই। এই লড়াই হচ্ছে বাস্তবিক জগতের বাইরে ভার্চুয়াল জগতেও। গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় এবং জনমত গঠনে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবার চোখ এখন সোশ্যাল মিডিয়ায়। ফলে রাজনীতির প্রচার-প্রসারে এ মাধ্যম যথেষ্ট ভুমিকা রাখছে।
গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে সেখানেও বড় প্রভাব ছিল সোশ্যাল মিডিয়ার। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে বেশ কয়েকটি আন্দোলনই গড়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে। ৫ আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়েও রাজনৈতিক দলগুলোর পক্ষে প্রচারণা, অন্য দলের বিপক্ষে গুজব-কুৎসা রটনা, অপপ্রচার, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন থেকে শুরু করে সবকিছুই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।
আর এই মাধ্যম ব্যবহারে এগিয়ে রয়েছে পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং নতুন গড়ে উঠা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। অন্যদিকে এই মাধ্যমে অনেকটাই পিছিয়ে আছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। দলটির মাঠে ব্যাপক সমর্থন থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভাবে উপস্থিতি দৃশ্যমান নয়। দলীয়ভাবেও নেয়া হয়নি তেমন কোন উদ্যোগও। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার-বিএনআরসি গঠন করা হয়েছে এই উদ্দেশ্যে, তবে এই দুই সংগঠন সেভাবে ভূমিকা রাখতে পারছে না বলেও মনে করেন দলটির নেতারা। এ বিষয়ে করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটিতে আলোচনার কথাও জানিয়েছেন শীর্ষ নেতারা।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সরকার পরিবর্তন এবং রাজনৈতিক প্রক্রিয়ায় একটি শক্তিশালী হাতিয়ার। এর সঠিক ব্যবহার একদিকে যেমন নাগরিক অধিকার ও গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে, তেমনি এর অপব্যবহার সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই, এর ব্যবহারকারীদের সচেতন থাকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে দেখা যায়, ডিজিটাল প্রচারণার ক্ষেত্রে পতিত আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী যেমন সংগঠিত, তেমনি তারা নানা কৌশল ও কনটেন্ট দিয়ে আধিপত্য বিস্তার করছে অনলাইন প্ল্যাটফর্মে। সেখানে বিএনপি যেন এক রকম ছন্দপতনের শিকার। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে অনলাইন পরিসরে রাজনৈতিক বক্তব্য, প্রচার ও প্রোপাগান্ডার পরিধি ব্যাপকভাবে বেড়েছে। এ সময়টাতে দেখা গেছে, আওয়ামী লীগের সংঘবদ্ধ অপপ্রচার কেবল অন্তর্বর্তীকালীন সরকারকেই নয়, বিএনপি, জামায়াতসহ এনসিসি এবং ইসলামী আন্দোলনের মতো অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোকেও প্রবলভাবে লক্ষবস্তু করেছে।
তবে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামায়াতে ইসলামী ও এনসিপি কিছুটা সক্ষমতা দেখালেও, বিএনপি অনেকটা নিষ্ক্রিয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বিএনপির এ পিছিয়ে পড়ার মূল কারণ হলো দলীয় পর্যায়ে কারিগরি সক্ষমতার অভাব এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি। অনেক সিনিয়র নেতা এখনো অনলাইন মিডিয়ার গুরুত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। ফলে দলীয় প্রচারণায় আধুনিক ভিডিও কনটেন্ট, গ্রাফিক্স, ডেটাভিত্তিক এনালিটিকস বা ট্রেন্ড বিশ্লেষণের মতো উপাদানের ব্যবহার চোখে পড়ার মতো নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায়, অনলাইন মিডিয়া বর্তমানে জনমত গঠনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এখানে পিছিয়ে পড়া মানে শুধু বার্তা ছড়িয়ে দিতে ব্যর্থ হওয়া নয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ হারানো। এ দিক থেকে বিএনপির ঘাটতি বেশ বড়।





