অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন না করতে পারলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এবং অনেক উপদেষ্টা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাবেন।

সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ফেব্রুয়ারির পর তিনি আর একদিনও থাকতে চান না। রাজনৈতিক দলগুলো যদি এর মধ্যে নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে ফেব্রুয়ারির পর তিনি চলে যাবেন।”

রুমিন ফারহানা বলেন, “এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সঙ্গে এটাকে মিলিয়ে দেখলে বোঝা যায়, অনেক উপদেষ্টাই সেফ এক্সিট খুঁজছেন। তবে তাদের খুব একটা কষ্ট করতে হবে না, কারণ বেশির ভাগ উপদেষ্টা দ্বৈত নাগরিকত্বধারী। তারা সহজেই দেশের বাইরে, বিশ্বের উন্নত দেশগুলোতে ফিরে যেতে পারবেন।”

তিনি সতর্ক করে বলেন, “যদি ফেব্রুয়ারির মধ্যে কোনো রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছে নির্বাচন আয়োজন করা না যায়, তাহলে বাংলাদেশ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে।”

আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “আওয়ামী লীগের মিছিল এখন আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন ও বড় হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের মিছিল দেখা যাচ্ছে। প্রথম দিকে তাদের মধ্যে হতবিহ্বলতা থাকলেও সরকারের ধারাবাহিক ব্যর্থতা তাদের নতুন করে সাহস জুগিয়েছে রাজনীতিতে ফেরার।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন আর চুপচাপ বসে নেই, বরং আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরতে প্রস্তুতি নিচ্ছে।”