ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে অনুষ্ঠিত এ সাক্ষাতের তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ।


সাক্ষাৎকালে পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।


তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সুদানের আবেইতে শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।


এদিকে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪, মনুস্কো কন্টিনজেন্টে ৬২ জন সদস্যের প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।


তিনি শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। পরে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।


অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অধিনায়কসহ বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।