পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে “মানসিক ভারসাম্যহীন” হিসেবে আখ্যায়িত করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন ড. উজমা খানের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান এই মন্তব্য করেন। ড. উজমা খান একদিন পর বুধবার এটি টুইটারে প্রকাশ করেন।

ইমরান অভিযোগ করেন, মুনিরের নীতি পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তিনি বলেন, “মুনির পাকিস্তানের জাতীয় স্বার্থকে কোনোভাবে গুরুত্ব দেন না। পশ্চিমাদের খুশি করতে এবং আন্তর্জাতিকভাবে নিজেকে ‘মুজাহিদ’ হিসেবে দেখাতে তিনি আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছেন।”

তিনি আরও জানান, মুনির প্রথমে আফগানদের হুমকি দেন, পরে তাদের বহিষ্কার এবং ড্রোন হামলার নির্দেশ দেন, যার ফলে সন্ত্রাসবাদের পুনরুত্থান হয়েছে। ইমরান খানের দাবি, এসব কর্মকাণ্ড পাকিস্তানের সংবিধান ও আইনকে ক্ষতিগ্রস্ত করেছে।

সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সেনাপ্রধানের নির্দেশেই তাকে এবং তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমাকে চার সপ্তাহ ধরে একাকী সেলে রাখা হয়েছে। কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই। জেল ম্যানুয়ালে থাকা মৌলিক সুবিধাগুলোও কেড়ে নেওয়া হয়েছে।” আদালতের নির্দেশ সত্ত্বেও তার রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।